
নয়াদিল্লি, ৮ এপ্রিল ( হি. স.) : সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানানো হয়েছে, দুই নেতার মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে। সাক্ষাতের পর মুখ্যমন্ত্রী তামাং সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ এই বৈঠকটিকে অত্যন্ত সম্মানজনক বলে অভিহিত করেছেন।
বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী তামাং সিকিমের প্রধান উন্নয়নমূলক অগ্রাধিকার এবং রাজ্যের বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, স্থিতিশীল প্রগতি এবং জনকল্যাণের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা আরও বৃদ্ধির বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে। বিশেষভাবে, ২০২৬ সালের জুন মাস থেকে ঐতিহ্যবাহী নাথুলা পাস (সিল্ক রুট) বাণিজ্য পথ পুনরায় চালু করার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় জনজীবন এবং বাণিজ্যিক কর্মকাণ্ডে ব্যাপক জোয়ার আসবে।
উন্নয়নমূলক আলোচনার পাশাপাশি, সিকিম রাজ্য প্রতিষ্ঠার 'স্বর্ণ জয়ন্তী' বর্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান তামাং। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। সিকিমের সামগ্রিক সমৃদ্ধি ও অগ্রগতির পথে কেন্দ্রীয় সরকারের নিরন্তর সহযোগিতা, উৎসাহ এবং দিকনির্দেশনার জন্য মুখ্যমন্ত্রী এদিন পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি