
ওয়াশিংটন, ৯ এপ্রিল (হি.স.): গ্রিনল্যান্ড ইস্যুতে ফের কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পরিস্থিতির মাঝেই ন্যাটোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-কে পরোক্ষ হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার ন্যাটোর মহাসচিব মার্ক রুট-এর সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ইরান সংক্রান্ত পরিস্থিতিতে ন্যাটো যথাযথ সহযোগিতা করেনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। ভবিষ্যতেও তাদের ওপর নির্ভর করা কঠিন।” একইসঙ্গে তিনি গ্রিনল্যান্ড নিয়ে নিজের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে গ্রিনল্যান্ডকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ন্যাটোর সদস্য দেশ ডেনমার্কের অন্তর্ভুক্ত। এর আগেও ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপে মার্কিন নিয়ন্ত্রণের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
এদিকে, ইরান পরিস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী সংক্রান্ত ঘটনাবলীর পর ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে। যদিও মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়।
বিশেষজ্ঞদের মতে, ন্যাটোর উপর চাপ বাড়ানো এবং কৌশলগত ইস্যুতে প্রভাব বিস্তারের লক্ষ্যেই ট্রাম্পের এই বক্তব্য। ফলে আন্তর্জাতিক মহলের নজর এখন ওয়াশিংটনের পরবর্তী অবস্থানের দিকে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য