
লন্ডন, ১০মে(হি.স.) : ঘরের মাঠে শনিবার শুরুতেই চেলসির বিরুদ্ধে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারল না লিভারপুল। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
অ্যানফিল্ডে শনিবার (৯ মে) প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হল চেলসি ও লিভারপুলকে। শুরুতে স্বাগতিকদের এগিয়ে নেন রায়ান খ্রাফেনবের্খ। এরপর এনজো ফের্নান্দেজের গোলে সমতায় ফেরে চেলসি।
চেলসির বিপক্ষে লিগে এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইল লিভারপুল। চলতি আসরে প্রথম দেখায় ২-১ গোলে এবং গত মরসুমের দ্বিতীয় দেখায় ৩-১ গোলে জিতেছিল চেলসি, দুটি ম্যাচই হয়েছিল তাদের মাঠে।
৩৬ ম্যাচ শেষে ১৭ জয় ও ৮ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে অলরেডরা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে নবম অবস্থানে রয়েছে চেলসি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি