
কলকাতা, ১১মে (হি. স.) : এশিয়ার মঞ্চেই ফের হতাশা ঘিরল ভারতীয় ফুটবলে। রবিবার জেড্ডায় এএফসি অনূর্ধ্ব - ১৭ এশিয়ান কাপে গ্রুপ ডি - র শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে ০ - ৩ গোলের ব্যবধানে হারল ভারতের ‘ব্লু কোল্টস’। এর ফলে শুধু প্রতিযোগিতা থেকেই ছিটকে গেল না ভারত, শেষ হল অনূর্ধ্ব - ১৭ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের খেলায় স্বপ্নও অধরা থাকল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ০-৪ হারের পর এই ম্যাচে জয় ছাড়া উপায় ছিল না ভারতের। শুরু থেকেই বলের দখল নিয়ে চাপ বাড়ায় গতবারের চ্যাম্পিয়ন উজবেকিস্তান। ভারতীয় রক্ষণ বেশ কিছুক্ষণ পর্যন্ত লড়াই করলেও ৩২ মিনিটে ভুল করে গোলরক্ষক রাজরূপ সরকার। বক্সের মধ্যে ফাউল করে পেনাল্টি উপহার দেন তিনি। সেখান থেকে দলকে এগিয়ে দেন লাজিজ আব্দুরাইমভ।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ এসেছিল ভারতের সামনে। ৫৬ মিনিটে দল্লালমুয়ন গাংতের দুরন্ত ফ্রি-কিক ক্রশ বারে লাগে। ফিরতি বলে সহজ সুযোগ নষ্ট করে হীরাঙ্গনবা সেরাম। সেই সুযোগ হাতছাড়া কাল হল ভারতের। খেলায় ৬০ মিনিটে ওয়াংখেম ডেনি সিংহের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে উজবেকিস্তানের। শেষ দিকে আখরোরবেক রাভশনবেকভ তৃতীয় গোলটি করে ম্যাচে শেষ পেরেক ঠুকে দেন।
উল্লেখ্য, দুই ম্যাচে গোলশূন্য থেকে টুর্নামেন্ট শেষ করেছে ভারত। আবারও অধরা রইল বিশ্বকাপের মঞ্চ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত