
মুম্বই, ১৪ মে (হি. স.) : সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার ঘরোয়া শেয়ার বাজারে সবুজ সংকেত দেখা গিয়েছে। গত কয়েকদিনের টানা বিক্রির চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে বাজারের দুই প্রধান সূচক।
এদিন লেনদেন শুরু হতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৩৯.৯১ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে ৭৪,৭৪৮.৮৮ স্তরে পৌঁছেছে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৮৮.৯০ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,৫০১.৫০ স্তরে লেনদেন করছে।
বাজার বিশ্লেষকদের মতে, আজকের এই ইতিবাচক শুরুর মূলে রয়েছে অটো, মেটাল, ব্যাঙ্কিং এবং ফার্মা সেক্টরের শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক কেনাকাটা। গত সেশনে বাজার সামান্য ঘুরে দাঁড়িয়ে পতনের ধারায় ইতি টানতে সক্ষম হয়েছিল, যার প্রভাব এদিন সকালেও বজায় রয়েছে। তবে শেয়ার বাজারে এই তেজি ভাবের বিপরীতে মুদ্রাবাজারে ভারতীয় টাকার পতন লক্ষ করা গিয়েছে। এদিন লেনদেনের শুরুতে ডলারের তুলনায় টাকার দাম ২০ পয়সা কমে ৯৫.৮৬-এ পৌঁছেছে, যা এযাবৎকালের সর্বনিম্ন স্তর। উল্লেখ্য, বুধবারও শেয়ার বাজারে সামান্য বৃদ্ধি দেখা গিয়েছিল। সেনসেক্স ৫০ পয়েন্ট বেড়ে ৭৪,৬০৯ স্তরে এবং নিফটি ৩৩ পয়েন্ট বেড়ে ২৩,৪১৩ স্তরে বন্ধ হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি