
গুয়াহাটি, ১৬ মে (হি.স.) : অসমের ভারত-বাংলাদেশে সীমান্তে তরুণ-তরুণী, শিশু এবং মধ্য বয়স্ক মহিলা সহ আরও ১৪ জন অবৈধ বাংলাদেশিকে পাকড়াও করে রাতারাতি তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। ফলে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করতে রুখে দিয়েছে রাজ্য পুলিশ এবং বিএসএফ, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এ খবর দিয়ে তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, আসাম পুলিশ এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ওই অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের প্রবেশ রুখে দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের বাহিনী সীমান্তে অত্যন্ত সতর্ক রয়েছে এবং অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। ১৪ জন অবৈধ অনুপ্রবেশকারীর এক দলকে আসাম পুলিশ ও বিএসএফ-এর সাহসী জওয়ানরা শনাক্ত করে ভারতে প্রবেশ করতে বাধা দিয়েছেন।’
তিনি আরও বলেন, অনুপ্রবেশের বিরুদ্ধে রাজ্যের সতর্কতা ও পদক্ষেপ অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে তিনি ‘#AssamAgainstInfiltrators’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।
এর আগে, ১৪ মে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আসাম পুলিশ এবং বিএসএফ ১২ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে আটক করে অসমে প্রবেশ করতে বাধা দিয়ে তাদের দেশে ফেরত পাঠিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস