
কাঙপোকপি (মণিপুর), ১৬ মে (হি.স.) : ‘কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন’ (কেএসও) আহূত ৪৮ ঘণ্টার বনধ–এর প্রভাবে অচল হয়ে পড়েছে কাঙপোকপি জেলা। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার বনধ কর্মসূচি। বনধকে সমর্থন জানিয়েছে কুকি ইনপি মণিপুর। ১৪ জন কুকি সাধারণ নাগরিককে গ্রেফতারের প্রতিবাদে এই বনধ-এর ডাক দেওয়া হয়েছে।
ছাত্র সংগঠনের নেতারা জানিয়েছেন, বনধ-এর প্রভাবে জেলার সমস্ত স্কুল, সরকারি অফিস, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র এবং পরিবহণ পরিষেবা বন্ধ। সাধারণ নাগরিকদের গ্রেফতারের ঘটনাকে ‘সরকারের বর্বরোচিত পদক্ষেপ’ বলে বর্ণনা করে একে মানবিক মর্যাদা ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন তাঁরা।
‘কুকি স্টুডেন্টস্ অর্গানাইজেশন’-এর সদর হিলস শাখার নেতারা বলেছেন, বনধ–কে কঠোর ও শান্তিপূর্ণভাবে কার্যকর করতে জেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, আহূত বনধ-এর বিরোধিতা করলে যে কোনও সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানকে পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি।
কুকি ছাত্র সংগঠনটি আরও জানিয়েছে, বনধ অমান্য করার ফলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় তাঁরা নেবেন না। একই সঙ্গে সমস্ত অবশিষ্ট জিম্মিদের (কুকি সম্প্রদায়ভুক্ত) অবিলম্বে, নিরাপদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে কুকি ইনপি মণিপুরের দাবিকে পূর্ণ সমর্থন করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস