বাঁশদ্রোণীকে হারিয়ে সিএবি অনূর্ধ্ব-১৮ জুনিয়র আমন্ত্রণমূলক ক্রিকেটে চ্যাম্পিয়ন বড়িশা স্পোর্টিং ক্লাব
কলকাতা, ১৬ মে (হি. স.): ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি পরিচালিত জুনিয়র আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করল বড়িশা স্পোর্টিং ক্লাব। শনিবার আয়োজিত এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনালে বড়িশা স্পোর্টিং ক
বড়িশা স্পোর্টিং জয়ী, হারল বাঁশদ্রোনী


কলকাতা, ১৬ মে (হি. স.): ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি পরিচালিত জুনিয়র আমন্ত্রণমূলক অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপের খেতাব অর্জন করল বড়িশা স্পোর্টিং ক্লাব। শনিবার আয়োজিত এই টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনালে বড়িশা স্পোর্টিং ক্লাব ৪৯ রানের ব্যবধানে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে পরাজিত করে ট্রফি জিতে নেয়। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র পক্ষ থেকে এই ফাইনাল ম্যাচের সংক্ষিপ্ত স্কোর প্রকাশ করা হয়েছে, যেখানে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড়িশা স্পোর্টিং ক্লাব নির্ধারিত ২৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২০৭ রানের একটি বিশাল স্কোর খাড়া করে। বড়িশার পক্ষে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলেন আত্মজা মণ্ডল, যিনি মাত্র ৫৩ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। তাঁকে যোগ্য সংগত দিয়ে ৩৭ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন অক্ষিত পাণ্ডে। বাঁশদ্রোণীর বোলারদের মধ্যে দেবজ্যোতি বিশ্বাস ৪ ওভারে ২৪ রান দিয়ে ২টি এবং রাজবীর কিস্কু ৪ ওভারে ৩৬ রান খরচ করে ২টি উইকেট লাভ করেন।

​জবাবে ২০৮ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল স্পোর্টিং অ্যাসোসিয়েশন শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে এবং নির্ধারিত ২৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫৮ রানেই থমকে যায়। বাঁশদ্রোণীর পক্ষে রূপেশ পাল ৪১ বলে ৫০ রানের একটি লড়াকু ইনিংস খেলেন এবং শুভম মাইতি ৩৪ বলে ৩৬ রান করেন, তবে তা দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল না। বড়িশা স্পোর্টিং ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বাঁশদ্রোণীর ব্যাটাররা বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন। বড়িশার পক্ষে বল হাতে অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করে আশুতোষ ছেত্রী ৫ ওভারে মাত্র ২৫ রান দিয়ে একাই ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তাঁকে যোগ্য সহায়তা করে তনয় জৈন ৫ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। বোলার ও ব্যাটারদের এই যৌথ দাপটে শেষ পর্যন্ত ৪৯ রানে ম্যাচ জিতে সিএবি অনূর্ধ্ব-১৮ জুনিয়র আমন্ত্রণমূলক ক্রিকেটের রাজমুকুট মাথায় তুলল বড়িশা স্পোর্টিং ক্লাব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande