
ফলতা, ১৬ মে (হি. স.) : রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফলতা সফরের কয়েক ঘণ্টা আগে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার পুলিশ গ্রেফতার করল জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ ও আত্মীয় হিসেবে পরিচিত সাইদুল খানকে। তাঁর বিরুদ্ধে প্রাণনাশের হুমকি-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।স্থানীয় রাজনৈতিক মহলে সাইদুল খান অত্যন্ত পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে ফলতা অঞ্চলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফলতা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির দায়িত্বও সামলেছেন। এলাকায় তাঁকে জাহাঙ্গীর খানের ‘ডান হাত’ হিসেবেই পরিচয় দেওয়া হতো। ফলে তাঁর গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।শনিবার পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি কয়েকজন অভিযোগকারী ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, তাঁদের বিভিন্নভাবে ভয় দেখানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তদন্তে নেমে পুলিশ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের পর সাইদুল খানকে গ্রেফতার করে। এদিকে মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে গোটা ফলতা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত জাহাঙ্গীর খান বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়