
মালদা, ১৬ মে (হি. স.) : মালদার কালিয়াচকে টোটো স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাদ্দাম শেখ। তিনি কালিয়াচক থানার ঘড়িয়ালীচক এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচকের চৌরঙ্গী মোড় এলাকার টোটো স্ট্যান্ডে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে সাদ্দাম শেখের বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই টোটো চালকদের উপর চাপ সৃষ্টি করে নিয়মিত টাকা তোলা হত। একাধিক অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু করে কালিয়াচক থানার পুলিশ। এরপর শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, জেলার কোথাও তোলাবাজি বরদাস্ত করা হবে না। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মু তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। যদিও তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ দাবি করেছেন, আইন আইনের পথেই চলবে এবং দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়