
ফরিদাবাদ, ১৬ মে (হি.স.) : স্ত্রীর সঙ্গে বচসার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। মৃতের নাম কৃষ্ণ (২৮)। তিনি বিহারের মধুবনী জেলার বাসিন্দা ছিলেন। ফরিদাবাদের সঞ্জয় কলোনিতে ভাড়া বাড়িতে একাই থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন। জানা গিয়েছে, কৃষ্ণের স্ত্রী ও এক সন্তান বিহারের মধুবনী জেলাতেই থাকতেন। তিনি একাই ফরিদাবাদে থেকে কাজ করতেন এবং মাঝেমধ্যে গ্রামে যেতেন। শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ প্রায় এক বছর ধরে সঞ্জয় কলোনির একটি গুদামে কারিগর হিসেবে কাজ করছিলেন। গুদামের মালিক গুলাব সিং জানান, শুক্রবার রাতে গ্রামের বাড়ি থেকে কৃষ্ণের স্ত্রীর ফোন আসে। ফোনে কথা বলার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা শুরু হয়। কথা বলতে বলতেই কৃষ্ণ গুদাম থেকে বেরিয়ে উপরের ঘরে চলে যান।এরপর দীর্ঘ সময় কেটে গেলেও তিনি আর নিচে নামেননি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় পরে গুদাম মালিক তাঁকে ফোন করলে কোনও সাড়া মেলেনি। পরে ঘরে গিয়ে দেখা যায়, কাপড়ের ফাঁস লাগিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন কৃষ্ণ। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইএসআইসি হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস