
গুয়াহাটি, ১৬ মে (হি.স.) : পাটিয়ালায় অনুষ্ঠিত জাতীয় নির্বাচনী ট্রায়ালে মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতের বক্সিং দলে জায়গা নিশ্চিত করে ২০২৬ সালের এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমস, দুই প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছেন অলিম্পিক পদকজয়ী অসম-কন্যা বক্সার লাভলিনা বড়গোঁহাই।
২০২৬ সালের কমনওয়েলথ গেমস আগামী ২৩ জুলাই গ্লাসগোতে এবং আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস ২০২৬ শুরু হবে জাপানে। ভারতীয় মহিলা বক্সিংয়ে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করে লাভলিনা ৭৫ কেজি বিভাগের ফাইনালে সানামাচা চানুকে ৫-০ ব্যবধানে পরাজিত করেছেন। প্রসঙ্গত, ২৮ বছর বয়সি বক্সার লাভলিনা বড়গোঁহাই ২০২৩ এশিয়ান গেমসে রৌপ্যপদক জিতেছিলেন।
লাভলিনার পাশাপাশি সাকশি চৌধুরী, যদুমণি সিং এবং নরেন্দর বেরওয়ালও কঠিন প্রতিযোগিতা ও ওজন বিভাগের পরিবর্তনের মধ্য দিয়ে দুই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী পারভিন হুডা (৬৫ কেজি), সুমিত কুণ্ডু (৭০ কেজি), অঙ্কুশ (৮০ কেজি) এবং কপিল পোখারিয়া (৯০ কেজি) নিজ নিজ ফাইনাল জিতে ভারতীয় দলে জায়গা নিশ্চিত করেছেন।
এদিকে, বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন আদিত্য প্রতাপ সিং শুধুমাত্র গ্লাসগো কমনওয়েলথ গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া মাঝপথে বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার মূল্যায়নভিত্তিক নির্বাচনী নীতি স্থগিত করার পর প্রশাসনিক অনিশ্চয়তার মধ্যেই এই ট্রায়াল অনুষ্ঠিত হয়। পরে ফেডারেশনকে আবার প্রচলিত ট্রায়ালভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে ফিরতে হয়।
প্রাক্তন বিশ্ব-চ্যাম্পিয়ন ও টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী লাভলিনা গত মাসে উলানবাটরে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেননি। বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার নীতি অনুযায়ী, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত বিভাগগুলিতে শুধুমাত্র মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টরাই সরাসরি যোগ্যতা অর্জন করতেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস