
শিমলা, ১৬ মে (হি.স.): হিমাচল প্রদেশের পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়ার মাঝেই শিমলা জেলার ৪২টি গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন। জেলায় মোট ৪৪১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৯.৫২ শতাংশ পঞ্চায়েতে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী ঘোষণা করা হয়েছে প্রার্থীদের।
শনিবার জেলা পঞ্চায়েত আধিকারিক ও সহকারী জেলা নির্বাচন আধিকারিক (পঞ্চায়েত) সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে।
চৌপাল উন্নয়ন ব্লকে সর্বাধিক ১০টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এছাড়া ছৌহারা ও থিয়োগ উন্নয়ন ব্লকে সাতটি করে, রোহড়ু ব্লকে পাঁচটি এবং কোটখাই, কুপভি ও বসন্তপুর ব্লকে একাধিক পঞ্চায়েতে কোনও প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এছাড়াও রামপুর, নারকান্ডা, নানখড়ি ও জুব্বল উন্নয়ন ব্লকের কয়েকটি পঞ্চায়েতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসনের দাবি, বিভিন্ন উন্নয়ন ব্লক থেকে টেলিফোন মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। মনোনয়ন প্রক্রিয়া ও যাচাই পর্ব শেষ হওয়ায় বহু এলাকায় এখন নির্বাচনী লড়াইয়ের ছবি স্পষ্ট হয়ে উঠছে।
রাজ্যে আগামী ২৬, ২৮ ও ৩০ মে তিন দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ৩১ হাজার ১৮২ টি পদের জন্য ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৭৫৪টি প্রধান, ৩ হাজার ৭৫৪টি উপপ্রধান, ২১ হাজার ৬৫৪টি ওয়ার্ড সদস্য, ১ হাজার ৭৬৯টি বিডিসি সদস্য এবং ২৫১টি জেলা পরিষদ সদস্যের পদ। প্রধান, উপপ্রধান ও ওয়ার্ড সদস্য পদে ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা হবে। অন্যদিকে জেলা পরিষদ ও বিডিসি সদস্যদের ভোট গণনা হবে ৩১ মে।
এবারের নির্বাচনে ৫০ লক্ষের বেশি ভোটার অংশ নেবেন। প্রায় ৫২ হাজার তরুণ-তরুণী প্রথমবার ভোট দেবেন, যার মধ্যে প্রায় ২৩ হাজার মহিলা ভোটার রয়েছেন। রাজ্যজুড়ে ২১ হাজার ৬৭৮টি ভোটকেন্দ্র গড়ে তোলা হয়েছে।
লাহৌল-স্পিতির কাজা এলাকার লাংজা অঞ্চলের কাউমিক পাঠশালায় ৪ হাজার ৫৮৭ মিটার উচ্চতায় রাজ্যের সর্বোচ্চ ভোটকেন্দ্র তৈরি হয়েছে। অন্যদিকে সিরমৌরের ভাটাওয়ালি পঞ্চায়েতে সর্বাধিক ভোটার এবং কিন্নৌরের সুমরা গ্রামে সর্বনিম্ন ১৭৮ জন ভোটার রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য