বেসবল,বাস্কেট বলের দেশ স্বাগতিক আমেরিকা এবার নিজ দেশে চমক দিতে চায়
কলকাতা, ১৬মে(হি.স.): বেসবল আর বাস্কেটবলের দেশ আমেরিকা এবার নিজ দেশে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে নিজেদের শক্তি প্রমাণ দিতে চায়। বিশ্ব ফুটবলে কখনোই তারা পরাশক্তি ছিল না। এখনও নয়। তবু ঘরের মাঠ, চেনা কন্ডিশনে দর্শকভর্তি গ্যালারির সামনে ভালো কিছুর আশা নি
বেসবল,বাস্কেট বলের দেশ স্বাগতিক আমেরিকা এবার নিজ দেশে চমক দিতে চায়


কলকাতা, ১৬মে(হি.স.): বেসবল আর বাস্কেটবলের দেশ আমেরিকা এবার নিজ দেশে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে নিজেদের শক্তি প্রমাণ দিতে চায়। বিশ্ব ফুটবলে কখনোই তারা পরাশক্তি ছিল না। এখনও নয়। তবু ঘরের মাঠ, চেনা কন্ডিশনে দর্শকভর্তি গ্যালারির সামনে ভালো কিছুর আশা নিয়ে খেলতে নামছে।

দলটির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো বলছেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রতিভা আমাদের দলে আছে এবং আমরা দারুণ কিছু করতে পারব-এই বিশ্বাসটা আমাদের আছে।’

গত কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছিল আমেরিকা। কিন্তু শেষ ষোলোয় তারা হেরে যায় শক্তিশালী ডাচ দলের কাছে ৩-১ গোলে। আর এই হারের পর বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। কাতার বিশ্বকাপে দলটির দুর্বলতা হিসেবে দেখা হয়েছিল দুর্বল রিজার্ভ বেঞ্চকে। এটা ঠিক যে দল যত শক্তিশালী তাদের রিজার্ভ বেঞ্চও ভালো হয়। এবার কিন্তু গত বিশ্বকাপের চেয়ে এবার আমেরিকার রিজার্ভ বেঞ্চ বেশ শক্তিশালী।

পচেত্তিনোর সম্ভাব্য একাদশ এবার খুবই শক্তিশালী। যেমন ক্রিস রিচার্ডস এবং মার্ক ম্যাকেঞ্জি ২০২২ সালের তুলনায় রক্ষণভাগে বড় আপগ্রেড। আর ফোলারিন বালোগুন যেকোনো মার্কিন স্ট্রাইকারের চেয়ে অনেক এগিয়ে। গত বিশ্বকাপে খেলা টিমোথি উইয়াহর রয়েছে মার্শেইয়ের মতো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা। এছাড়া এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে টটেনহামের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা জনি কার্ডোসোও জাতীয় দলে নিজের প্রয়োজনীয়তা তৈরি করেছেন। তাছাড়া মালিক টিলম্যান চ্যাম্পিয়নস লিগে নিজেকে প্রমাণ করেছেন। পিএসভিতে ফরোয়ার্ড রিকার্ডো পেপি এবার দুর্দান্ত ফুটবল খেলেছেন। জো স্কালিও ভালো ফুটবল খেলেছেন বুন্দেসলিগার আরেক দল মনশেনগ্লাডবাখেতে। এমনকি আমেরিকার প্রথম একাদশে নিয়মিত না থাকা হাজি রাইটও ইংলিশ চ্যাম্পিয়নশিপে ১৪টি গোল করে বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ পাওয়ার দাবিদার। এছাড়া আমেরিকা দলের অ্যারনসনও আগের চেয়ে অনেক বেশি গোল ও অ্যাসিস্ট করছেন।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এমনই একটা ভালো দল পাচ্ছেন মরিসিও পচেত্তিনো। এই দলের ইউরোপীয় বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সমন্বয়ে গড়া আমেরিকা দলের মিডফিল্ড যেমন শক্তিশালী, তেমনি দলটির রয়েছে গতিময় আক্রমণ বিভাগও। বলা হচ্ছে এবারের মত ভালো দল আমেরিকা এর আগে কখনো পায়নি।

১৩ জুন প্যারাগুয়ের ম্যাচ দিয়ে লস অ্যাঞ্জেলেসে আমেরিকা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ১৯ জুন সিয়াটলে দ্বিতীয় ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ ২৬ জুন, তুরস্কের বিপক্ষে খেলবে লস অ্যাঞ্জেলেসে।

এই দলের তারকা ফুটবলার : ক্রিস্টিয়ান পুলিসিচ

নিজেদের মাঠে আমেরিকাকে ভালো কিছু করতে হলে জ্বলে উঠতেই হবে দলের মূল অস্ত্র ক্রিস্টিয়ান পুলিসিচকে। ক্লাব ফুটবলেও আমেরিকার সবচেয়ে সফল খেলোয়াড় তিনি। আমেরিকার প্রথম খেলোয়াড় হিসেবে ২০২১ সালে পুলিশিচ খেলেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে, চেলসির হয়ে জিতেছেন শিরোপাও। তিনি ২০১৬ সালে বলিভিয়ার বিপক্ষে গোল করে জাতীয় দলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন। তিনি আমেরিকা দলের সর্বকনিষ্ঠ(২০) অধিনায়ক হওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর।

এক নজরে বিশ্বকাপে আমেরিকা:

**র্যাঙ্কিং: ১৬

**বিশ্বকাপে অংশগ্রহণ:

আমেরিকা পুরুষদের ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত মোট ১২ বার অংশগ্রহণ করেছে। তারা ১৯৩০ থেকে শুরু করে ২০২২ সাল পর্যন্ত ১১টি আসরে খেলেছে এবং ২০২৬ সালের বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে

**সেরা সাফল্য: সেমিফাইনাল (১৯৩০)

**বিশ্বকাপে আমেরিকা:

ম্যাচ ৩৭টি, জয়৯টি, হার ২০টি, ড্র ৮টি

গ্রুপ পর্বের সূচি:

**১৩ জুন, প্যারাগুয়ে, লস অ্যাঞ্জেলেস, সকাল ৭টা

**১৯ জুন, অস্ট্রেলিয়া, সিয়াটল, রাত ১টা

**২৬ জুন, তুরস্ক, লস অ্যাঞ্জেলেস, সকাল ৮টা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande