
শ্রীভূমি (অসম), ১৬ মে (হি.স.) : শিশু পাচার রোধে জনসচেতনতা বাড়াতে “নীরব আর্তনাদ: শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন” শীর্ষক বিশেষ সতর্কবার্তা জারি করেছে শ্রীভূমি শ্রম আধিকারিকের কার্যালয়।
শ্রম কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত ওই বার্তায় বলা হয়েছে, শিশু পাচার আজ বিশ্বের অন্যতম জঘন্য অপরাধ। এই সংগঠিত অপরাধ অসহায় ও দুর্বল শিশুদের লক্ষ্য করে তাদের শৈশব কেড়ে নেয় এবং আজীবনের মানসিক ও শারীরিক যন্ত্রণা সৃষ্টি করে।
পাচারকারীরা শিক্ষার সুযোগ, ভালো চাকরি বা বিয়ের প্রলোভন দেখিয়ে শিশু ও তাদের পরিবারকে ফাঁদে ফেলে। দারিদ্র্য, অশিক্ষা ও অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে তারা সুন্দর ভবিষ্যতের মিথ্যা স্বপ্ন দেখায়। শেষ পর্যন্ত জোরপূর্বক শ্রম, যৌন শোষণ বা অবৈধ দত্তকের মতো ভয়াবহ পরিস্থিতিতে গিয়ে পৌঁছায়।এই প্রেক্ষিতছ
শ্রম দপ্তর জানিয়েছে, এই অভিশাপ নির্মূলে সাধারণ মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বাড়িতে অস্বাভাবিক সংখ্যক শিশুর উপস্থিতি, শিশুদের ভীত বা অপুষ্ট দেখানো — এমন সন্দেহজনক লক্ষণ দেখলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।
শিশু পাচারের কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে নিকটস্থ থানায় খবর দিতে অথবা টোল-ফ্রি চাইল্ডলাইন নম্বর ১০৯৮-এ ফোন করতে শ্রীভূমির শ্রম আধিকারিকের কার্যালয় থেকে আবেদন জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস