
পাথারকান্দি (অসম), ১৬ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার লোয়াইরপোয়া ব্লকের আসাইঘাটের রাধাপ্যারী গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর ৯ নম্বর ওয়ার্ড এলাকা লঙ্গাই নদীর ভাঙনের কবলে পড়েছে। এতে প্রচণ্ড আতঙ্কে রয়েছেন গ্রামের বাসিন্দারা
স্থানীয়দের কাছে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে এই নদী ভাঙনের ফলে বেশ কয়েকটি পরিবার বাড়িঘর হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বর্তমানে আরও কয়টি বাড়ি নদীভাঙনের মুখে পড়েছে। তাছাড়া ঘন ঘন নদীর পাড় ভেঙে পড়ায় নদী-লাগোয়া রাস্তা ধরে সাধারণ মানুষ সহ স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। এছাড়া বহু কৃষিখেতও নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।
এদিকে এখানকার নদী পারাপারের জন্য খেয়াঘাটে প্রস্তাবিত পাকা সেতুও আজ পর্যন্ত নির্মাণ না হওয়ায় এলাকার জনগণকে বাধ্য হয়ে শুকনো মরশুমে বাঁশের সাঁকো ও বর্ষাকালে নৌকায় পারাপার করতে হচ্ছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
উদ্ভূত সমস্যার সমাধানে এলাকার ভুক্তভোগীরা ওয়ার্ড সদস্যার প্রতিনিধি সঞ্জয় বৈদ্য, স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, জেলাশাসক এবং সার্কল অফিসারের কাছে নদীর ভাঙনস্থলে পাথরের বাঁধ ও প্রস্তাবিত স্থানে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস