
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : প্রায় দেড় মাস অচল থাকার পর অবশেষে উত্তর ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি মডার্নাইজড চেকপোস্টের ওয়েট ব্রিজ পুনরায় চালু হয়েছে। শুক্রবার থেকে ওয়েট ব্রিজ চালু হতেই ওভারলোড পাথর পরিবহণে জড়িত ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। অতিরিক্ত বোঝাই পাথর নিয়ে রাজ্যে প্রবেশ করতে না পেরে অনেক ট্রাকচালক ও ব্যবসায়ী রাস্তার বিভিন্ন স্থানে পাথর নামিয়ে অন্য গাড়িতে তা স্থানান্তর করার চেষ্টা করেন।
জানা গেছে, গত এপ্রিল মাসের শুরু থেকে মে মাসের ১৫ তারিখ পর্যন্ত চুড়াইবাড়ি-সহ রাজ্যের প্রবেশদ্বারের একাধিক ওয়েট ব্রিজ বিকল অবস্থায় পড়ে ছিল। দীর্ঘ সময় ধরে মেরামতের উদ্যোগ না নেওয়ায় এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বহিঃরাজ্য থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত বোঝাই পাথর ও অন্যান্য পণ্য নিয়ে ত্রিপুরায় প্রবেশ করে।
এর ফলে রাজ্য সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, শুধু চুড়াইবাড়ি মডার্নাইজড চেকপোস্ট থেকেই প্রতি মাসে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকা রাজস্ব আদায় হতো। এর বড় অংশই আসত অতিরিক্ত পাথর বোঝাই গাড়ির উপর ধার্য জরিমানা ও ফি থেকে। সেই হিসেবে গত দেড় মাসে কয়েক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে রাজ্য সরকার।
শুক্রবার ওয়েট ব্রিজ চালু হওয়ার খবর ছড়িয়ে পড়তেই প্রতিদিনের মতো ওভারলোড পাথর নিয়ে আসা বহু ডাম্পার চেকপোস্টে এসে বিপাকে পড়ে। অনেকেই ওজন পরীক্ষায় ধরা পড়ার আশঙ্কায় চেকপোস্টের আশপাশ ও জাতীয় সড়কের বিভিন্ন অংশে পাথর ফেলে গাড়ির বোঝা কমিয়ে ফলার চেষ্টা করে। পরে অন্য গাড়িতে সেই পাথর সরিয়ে নেওয়ার ঘটনাও চোখে পড়ে। গভীর রাত পর্যন্ত প্রশাসনের চোখ এড়িয়ে এভাবেই চলে ব্যবসায়ীদের লুকোচুরি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ