
হুগলি, ১৬ মে (হি.স.) : হুগলির জেলাশাসকের দফতরে শনিবার জেলার নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরামবাগ মহকুমা-সহ জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়করা উপস্থিত ছিলেন।
জানা গিয়েছে, প্রশাসনিক কাজের গতি আরও বৃদ্ধি করা, সাধারণ মানুষের সরকারি পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয় এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা যায়, সেই বিষয়গুলিকে কেন্দ্র করেই মূলত বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এলাকার পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, রাস্তা ও পানীয় জলের মতো জনস্বার্থমূলক বিষয় নিয়েও আলোচনা করেন জনপ্রতিনিধিরা।
বৈঠকে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা বিধায়কদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপর জোর দেন। সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি প্রকল্পের সুবিধা প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়।
নবনির্বাচিত বিধায়করাও তাঁদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে মানুষের স্বার্থে কাজ করার আশ্বাস দেন তাঁরা।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সমন্বয় আরও মজবুত হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA