২১ বছরের খরা কাটিয়ে এশিয়ান কাপ অভিযানে ভারত, প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া
সুঝৌ (চিন), ২ মে (হি. স.): শনিবার ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দল শুরু করছে তাদের এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ চিন ২০২৬ অভিযান। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। উল্লেখ্য, ২০০৫ সালের পর এই প্রথম অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে ভারতে
সুঝৌয়ে ভারতীয় মহিলা অনূর্ধ্ব - ১৭ ফুটবল দল


সুঝৌ (চিন), ২ মে (হি. স.): শনিবার ভারতীয় অনূর্ধ্ব-১৭ মহিলা দল শুরু করছে তাদের এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপ চিন ২০২৬ অভিযান। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। উল্লেখ্য, ২০০৫ সালের পর এই প্রথম অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপে ভারতের অংশগ্রহণ—দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। আরও তাৎপর্যপূর্ণ হলো, ২০২৬ সালে সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের পর এটাই ভারতের তৃতীয় মহিলা এশিয়ান কাপ অভিযান, যা ভারতীয় মহিলা ফুটবলের ইতিহাসে এক বিরল অধ্যায়।

​এদিন ম্যাচের প্রাক্কালে দলের আবহ নিয়ে আশাবাদী প্রধান কোচ পামেলা কন্তি। তাঁর কথায়, “সবাই ভীষণ উত্তেজিত। অনেক দিন ধরে আমরা প্রস্তুতি নিয়েছি। দেশের প্রতিনিধিত্ব করে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলাটা সবসময়ই গর্বের।” প্রসঙ্গত, জানুয়ারি থেকে টানা তিন মাস বেঙ্গালুরুতে নিবিড় শিবিরে ছিল দল। শারীরিক সক্ষমতা, কৌশল ও ট্যাকটিক্যাল প্রস্তুতিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জয়, মার্চে মায়ানমারের বিরুদ্ধে দুটি জয় এবং এপ্রিল মাসে রাশিয়ায় তিনটি প্রস্তুতি ম্যাচ—সব মিলিয়ে সুসংগঠিত প্রস্তুতি নিয়েই চিনে পৌঁছেছে ভারত।

​সুঝৌতে পৌঁছে প্রথম দিকে বৃষ্টি ও ঠান্ডা কিছুটা সমস্যা তৈরি করলেও এখন আবহাওয়া অনুকূল। কন্তির কথায়, “এখন আবহাওয়া সুন্দর। আমরা আগেই অনেক কাজ করে এসেছি। শেষ মুহূর্তে মূলত কৌশলগত দিকেই নজর দিয়েছি, যাতে খেলোয়াড়রা ক্লান্ত না হয়ে পড়ে।” টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি দল একই কমপ্লেক্সে থাকছে। অনুশীলন ও ম্যাচের জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন সুবিশাল পরিকাঠামো, যা নিয়ে সন্তুষ্ট ভারতীয় শিবির।

​দলের ফুটবলারদের কাছেও এই টুর্নামেন্ট এক নতুন অভিজ্ঞতা। ডিফেন্ডার অভিষ্ঠা বসনেত বলেন, “অনেক মাসের প্রস্তুতির পর আমরা অবশেষে এখানে। প্রথম ম্যাচের জন্য আমরা তৈরি এবং নিজেদের সেরাটা দেব।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের প্রত্যাশা রয়েছে দলের। অভিষ্ঠার কথায়, “ওরা শারীরিকভাবে খুব শক্তিশালী দল। তবে আমরাও পিছিয়ে নেই। লড়াইটা জোরদারই হবে।” রাশিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ থেকে মূল্যবান শিক্ষা পেয়েছে দল। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে ‘ইয়ং টাইগ্রেস’-রা।

​১৫ বছর বয়সী অভিষ্ঠার জন্য এই সফর আরও বিশেষ—রাশিয়ার এক ম্যাচে তিনি দলের অধিনায়কত্বও করেন। অন্যদিকে, মিডফিল্ডার জুলান নংমাইথমও আশাবাদী, “এই মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ এসেছে। আমরা দেখাতে চাই, এই পর্যায়ে লড়াই করার সামর্থ্য আমাদের আছে।” প্রথমবার এশিয়ান কাপ খেলতে নামলেও ভয় নয়, বরং আত্মবিশ্বাসই ভরসা ভারতের কিশোরীদের। তাদের লক্ষ্য স্পষ্ট—সাহসী ফুটবল খেলে দেশের নাম উজ্জ্বল করা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande