
নয়াদিল্লি, ২ মে (হি.স.): মার্কিন স্বল্পমূল্যের বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স ৩৪ বছর পর হঠাৎই তাদের পরিষেবা বন্ধের ঘোষণা করেছে। সংস্থার সব উড়ান বাতিল করা হয়েছে এবং গ্রাহক পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তে প্রায় ১৭ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে।
শনিবার সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক সংকট ও সম্ভাব্য সরকারি আর্থিক সহায়তা (বেলআউট) না মেলায় ধাপে ধাপে কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। মূল সংস্থা স্পিরিট এভিয়েশন হোল্ডিংস, ইনকর্পোরেটেড ৫০০ মিলিয়ন ডলারের রেসকিউ ডিল পেতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির প্রভাব পড়ে সংস্থাটি দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিল। এর ফলে বিমান পরিষেবা বন্ধের পাশাপাশি বাজারে প্রতিযোগিতা কমা এবং বিমানভাড়া বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে বলে মনে করা হচ্ছে, পাশাপাশি অন্যান্য বিমান সংস্থাগুলির ওপর চাপও বাড়বে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য