
কলকাতা, ২ মে (হি. স.): বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার, প্রখ্যাত সাহিত্যিক ও বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন তাঁর গুণমুগ্ধ ও অনুরাগীরা। বিশেষ এই দিনটি স্মরণে অনুরাগীদের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ এক বার্তায় লিখেছেন, “বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার, প্রখ্যাত সাহিত্যিক ও বাঙালির গর্ব সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকীতে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর কালজয়ী সৃষ্টি শুধু বাংলা নয়, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও এক অমূল্য সম্পদ।”
উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রের এই মহান ব্যক্তিত্বের পূর্বপুরুষদের ভিটে ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে। বর্তমানে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে তাঁদের আদি নিবাস। সত্যজিৎ রায় কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করেছেন। তাঁর অনন্য সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভা আজও বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রাণিত করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত