
দক্ষিণ দিনাজপুর, ২১ মে (হি.স.): জেলায় বেআইনি অস্ত্র বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হানা দিয়ে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ সহ তাকে গ্রেফতার করেছে। বুধবার এই তল্লাশি অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম সুমন সাহা। সে গঙ্গারামপুর কলেজের এক অস্থায়ী কর্মী এবং এলাকায় তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
তথ্য অনুযায়ী, পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে অভিযুক্তের কাছে বেআইনি অস্ত্র রয়েছে। এরপর পুলিশ গঙ্গারামপুর কলেজের কাছ থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে সে স্বীকার করে যে অস্ত্রটি তার বাড়িতেই লুকিয়ে রাখা আছে।
এরপর পুলিশ টিম অভিযুক্তকে সঙ্গে নিয়ে গঙ্গারামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মধ্য সাহাপাড়া এলাকায় তার বাড়িতে পৌঁছায় এবং তল্লাশি অভিযান চালায়। তল্লাশিকালে তার শোওয়ার ঘরের খাটের তলা থেকে একটি অত্যাধুনিক পিস্তল ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পুলিশ অবিলম্বে অস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করে এবং অস্ত্র আইনে অভিযুক্তকে গ্রেফতার করে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আবাসিক এলাকায় এভাবে অস্ত্র মজুত রাখা অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও তুলেছেন তারা। জানা গেছে, আজই ধৃত অভিযুক্তকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি