৩০ জুন পর্যন্ত বিধায়ক পরেশরামের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের
কলকাতা, ২১ মে (হি.স.): কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি মিলল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলায় গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার
৩০ জুন পর্যন্ত বিধায়ক পরেশরামের বিরুদ্ধে পদক্ষেপ নয়, নির্দেশ হাই কোর্টের


কলকাতা, ২১ মে (হি.স.): কলকাতা হাই কোর্টে সাময়িক স্বস্তি মিলল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলায় গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আগামী ৩০ জুন পর্যন্ত বিধায়কের বিরুদ্ধে পুলিশ কোনও শাস্তিমূলক বা কঠোর পদক্ষেপ করতে পারবে না।

তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রক্ষাকবচ মিললেও বিধায়কের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া বহাল থাকবে। তদন্তের স্বার্থে পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে পরেশরাম দাসকে। বিধায়ক যদি তদন্তে সহযোগিতা না করেন, তবে রাজ্য সরকার পুনরায় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে আদালতে দাবি করা হয়, এই তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় জমি দখল-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পাল্টা যুক্তি দিয়ে আদালতে পরেশরামের পক্ষ থেকে দাবি করা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা সাজানো হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ, বিধায়কের বিরুদ্ধে যে সব এফআইআর দায়ের হয়েছে সেগুলি ১৬ মে-র। তত দিনে রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে। সেই এফআইআরগুলির মধ্যে একটি গত এপ্রিলের একটি ঘটনার প্রেক্ষিতে করা এবং বাকি এফআইআরগুলি ২০২১ সালের ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের হয়েছে। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর হাই কোর্টের পর্যবেক্ষণ, বিধায়ক পরেশরামের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এফআইআরগুলি দায়ের হয়েছে, সেগুলি আইনত এখনও অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। তড়িঘড়ি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই আগামী ৩০ জুন পর্যন্ত বিধায়ককে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande