
কলকাতা, ২১ মে (হি.স.): ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ বার্ষিকীতে বৃহস্পতিবার রাজ্য কংগ্রেসের সদর দফতর ‘বিধান ভবন’-এ এক আবেগঘন স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে দেশের প্রয়াত নেতাকে স্মরণ করা হয়।
রাজীব গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের তরফেও সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানানো হয়েছে। যুব কংগ্রেস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় লিখেছে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে প্রণাম। বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, রাজীব গান্ধীর স্বপ্নদর্শী নেতৃত্ব, দেশের প্রতি উৎসর্গ এবং তাঁর চিন্তাভাবনা সবসময় কংগ্রেস পরিবারকে অনুপ্রাণিত করবে।
কলকাতা তথা রাজ্য স্তরের এই মূল অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের অন্যতম নেতা সুমন রায়চৌধুরী, সৌরভ ঘোষ প্রমুখ।
কলকাতা ছাড়াও প্রদেশ কংগ্রেসের নির্দেশে এদিন রাজ্য জুড়ে প্রতিটি জেলায় রাজীব গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার সমস্ত ব্লক স্তরেই দলীয় কার্যালয়গুলিতে প্রয়াত প্রধানমন্ত্রীর স্মরণে সংক্ষিপ্ত অথচ মর্যাদাপূর্ণ অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত