
পুরাতন মালদা, ২১ মে (হি. স.):-পুরাতন মালদার বাঁসহাট এলাকায় নদীতে স্নান করতে নেমে দুই নাবালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন অর্পণ সরকার (১০)। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকার বাসিন্দা অর্পণ কয়েকদিন আগে বাগানপাড়ায় মামা মহাদেব হালদারের বাড়িতে বেড়াতে এসেছিল। অপর নাবালক বাসুদেব হালদার (৮) স্থানীয় বাসিন্দা।এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে দুই শিশু। অভিযোগ, স্নানের সময় আচমকাই গভীর জলে তলিয়ে যায় তারা। সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুরাতন মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নদীতে জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই নাবালকের কোনও সন্ধান মেলেনি। ঘটনায় পরিবারগুলিতে শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়