ইরান-আমেরিকা সংঘাত মেটাতে জোর কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের যুদ্ধক্ষমতা খর্বে ব্যর্থ ডেমোক্র্যাটরা
তেহরান/ওয়াশিংটন, ২২ মে (হি.স.) : পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত এড়াতে জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মধ্যস্থতাকারী একাধিক দেশ দুই পক্ষকেই সংঘাত থেকে সরে এসে স্থায়ী সমঝোতার পথে হাঁটার আহ
ইরান-আমেরিকা সংঘাত মেটাতে জোর কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের যুদ্ধক্ষমতা খর্বে ব্যর্থ ডেমোক্র্যাটরা


তেহরান/ওয়াশিংটন, ২২ মে (হি.স.) : পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালিকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত এড়াতে জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মধ্যস্থতাকারী একাধিক দেশ দুই পক্ষকেই সংঘাত থেকে সরে এসে স্থায়ী সমঝোতার পথে হাঁটার আহ্বান জানাচ্ছে।

জানা গেছে , তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদানপ্রদান এবং খসড়া চুক্তি নিয়ে আলোচনা চলছে।

ইরানের এক শীর্ষ আধিকারিকের দাবি, সমঝোতার সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। যদিও কূটনৈতিক সূত্রের একাংশের মতে, এখনও চূড়ান্ত চুক্তি নিয়ে নিশ্চিত হওয়ার সময় আসেনি।

এরই মধ্যে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনায় “ইতিবাচক ইঙ্গিত” মিলছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি ইউরেনিয়াম মজুত কমাতে রাজি না হয়, তাহলে “খুব কঠোর পদক্ষেপ” নেওয়া হবে।

অন্যদিকে, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও এই ইস্যুতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে। ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে ডেমোক্র্যাটদের আনা ‘ইরান ওয়ার পাওয়ার্স’ প্রস্তাব আপাতত আটকে দিয়েছে রিপাবলিকানরা। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ভোটাভুটি পিছিয়ে জুন মাসে করা হয়েছে।

ডেমোক্র্যাট সাংসদ গ্রেগরি মিক্স অভিযোগ করেন, রিপাবলিকানরা রাজনৈতিক উদ্দেশ্যে ভোটাভুটি এড়িয়ে যাচ্ছে। তাঁর দাবি, পর্যাপ্ত সমর্থন থাকায় প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা ছিল। ডেমোক্র্যাট নেতাদের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউস কার্যত ট্রাম্প প্রশাসনের “সহযোগী সংস্থা”-র মতো আচরণ করছে।

যদিও রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালাইস জানিয়েছেন, কয়েকজন অনুপস্থিত সদস্যকে ভোটের সুযোগ দিতেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তবে এই নিয়ে মুখ খুলতে চাননি হাউস স্পিকার মাইক জনসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande