
আরামবাগ, ২৫ মে (হি.স.): তীব্র দাবদাহের মধ্যেও নিরলসভাবে দায়িত্ব পালন করে চলা পুলিশ কর্মীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল হুগলি গ্রামীণ পুলিশ। সোমবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক পুলিশ, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড এবং কনস্টেবলদের হাতে সামার কিট তুলে দেওয়া হয়।
জানা গিয়েছে, গরমের সময় দীর্ঘক্ষণ রাস্তায় ও মাঠে কাজ করা পুলিশ কর্মীদের কিছুটা স্বস্তি ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামার কিটে গ্রীষ্মকালে ব্যবহারের উপযোগী বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়, যা তাঁদের দৈনন্দিন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কুমার সানি রাজ কর্মীদের উৎসাহিত করেন এবং তাঁদের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রচণ্ড গরম উপেক্ষা করে আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।
পাশাপাশি সাম্প্রতিক নির্বাচন ও প্রাক-নির্বাচন পর্বে দায়িত্বশীল ও দক্ষতার সঙ্গে কাজ করার জন্যও সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের প্রশংসা করেন পুলিশ সুপার। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
এই উদ্যোগে পুলিশ কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রশাসনের এই স্বীকৃতি তাঁদের কর্মস্পৃহা আরও বাড়াবে বলেই মনে করছেন উপস্থিত আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA