
কলকাতা, ২৬ মে (হি.স.) : দীর্ঘদিন পর রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) পদে আসতে চলেছে নতুন মুখ। এই পদে দায়িত্ব দেওয়া হচ্ছে নীলম মীনাকে। এ নিয়ে ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, বিদায়ী মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের ছেড়ে যাওয়া আসনে বসতে চলেছেন তিনি।
রাজধানী দিল্লির নির্বাচন সদন থেকে এই জরুরি বার্তা রাজ্য সরকারের কাছে পৌঁছেছে। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফেও সচিবালয় থেকে জানানো হয়েছে যে, প্রধান সচিব রাহুল শর্মা স্বাক্ষরিত নির্দেশটি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। যত শীঘ্রই সম্ভব নতুন পদের গুরুদায়িত্ব গ্রহণ করতে চলেছেন মীনা। সংশ্লিষ্ট চিঠিতে নীলম মীনাকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক অরিন্দম নিয়োগী খবরের সত্যতা স্বীকার করেছেন। এই নতুন খবর প্রচার মাধ্যমের প্রতিনিধিদের কাছে অকপটেই এদিন জানানো হয়েছে।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, অষ্টাদশ বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতেই মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে এই রাজ্যের মুখ্য সচিব পদে স্থানান্তর করা হয়েছে। চলতি মাসের গত ১১ তারিখ রাজ্য সচিবালয় নবান্নের তরফে প্রকাশিত সেই সম্পর্কিত নির্দেশনামা অনুসারে তা কার্যকর হয় এবং সেই সঙ্গে পদটি খালি হয়ে পড়েছিল। তথ্যের হিসেবে ১৫ দিন অর্থাৎ প্রায় দুই সপ্তাহ পেরোতে চলল সেই শূন্যতার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত