মণিপুরে শান্তি ও আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য : মুখ্যমন্ত্রী খেমচাঁদ
- রাজ্য পুলিশ পেল নানা মডেলের অত্যাধুনিক ৪৭৭টি গাড়ি এবং দ্বিচক্রযান ইমফল, ২৫ মে (হি.স.) : মণিপুরে শান্তি ও আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। একই সঙ্গে সা
পতাকা নেড়ে অত্যাধুনিক ৪৭৭টি গাড়ি এবং দ্বিচক্রযানের উদ্বোধন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিঙের


- রাজ্য পুলিশ পেল নানা মডেলের অত্যাধুনিক ৪৭৭টি গাড়ি এবং দ্বিচক্রযান

ইমফল, ২৫ মে (হি.স.) : মণিপুরে শান্তি ও আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। একই সঙ্গে সাধারণ মানুষকে সহিংস বিক্ষোভ ও আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

আজ সোমবার মণিপুর পুলিশের আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে নতুন উন্নতমানের যানবাহনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং। ইমফলে ১ নম্বর ব্যাটালিয়ন মণিপুর রাইফেলস প্যারেড গ্রাউন্ডে রাজ্যের গৃহমন্ত্রী গোবিন্দদাস কন্থৌজাম, ডিজিপি রাজীব সিং, মুখ্যসচিব পুনিতকুমার গোয়েল সহ অন্যান্য শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে পতাকা নেড়ে নানা মডেলের অত্যাধুনিক ৪৭৭টি গাড়ি এবং দ্বিচক্রযানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, শক্তিশালী ও সক্ষম পুলিশ বাহিনী ছাড়া রাজ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। রাজ্যে সহিংসতা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে মণিপুর পুলিশ বড় দায়িত্ব পালন করছে। বহু পুলিশকর্মী প্রাণও উৎসর্গ করেছেন। সেনাবাহিনী, আসাম রাইফেলস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিও সমানভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় ভূমিকা নিয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী করা এবং তাদের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য সরকার সর্বোচ্চ সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাম্প্রতিক অশান্তির প্রসঙ্গ টেনে জনগণকে আন্দোলনের নামে সহিংসতার পথ না নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিষ্ণুপুর জেলার ত্রংলাওবিতে বোমা হামলায় দুই শিশুর মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল, সেখানে কিছু যুবক শান্তিপূর্ণ মিছিল ও আলোচনার পথে না গিয়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল। আন্দোলন ও বিক্ষোভ চলাকালীন হিংসাত্মক ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক অধিকার বলে মানুষ প্রতিবাদ জানাতে পারেন, তবে সহিংসতার পথ পরিহারে করে।

মুখ্যমন্ত্রী বলেন, আজ উদ্বোধিত নতুন গাড়িগুলির বলে পুলিশের চলাচল, অপারেশন পরিচালনার দক্ষতা এবং জনসেবা প্রদানের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, কার্যকর পুলিশি ব্যবস্থা, জননিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সরকার আধুনিক সম্পদ ও পরিকাঠামো দিয়ে পুলিশ বাহিনীকে সজ্জিত করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী চলমান সংঘাত পরিস্থিতিতে পুলিশ বিভাগের সংগঠিত ভূমিকার প্রশংসা করে বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাহিনী অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। নিরাপত্তাজনিত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও পুলিশ কর্মীদের সাফল্যের কথা উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে গৃহমন্ত্রী গোবিন্দাস কন্থৌজাম জানান, পুলিশ আধুনিকীকরণ প্রকল্পের অধীনে ৪৭৭টি উন্নতমানের যানবাহন বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে পুলিশের চলাচল ও কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। তিনি জানান, রাজ্যে আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহে ডিজিপির প্রচেষ্টাও প্রশংসনীয়।

গৃহমন্ত্রী বলেন, নতুন অন্তর্ভুক্ত যানবাহনের ৫৪ শতাংশ পাহাড়ি জেলাগুলিতে মোতায়েন করা হবে এবং ৪৬ শতাংশ ব্যবহার করা হবে উপত্যকা অঞ্চলে। তিনি আরও বলেন, সাইবার অপরাধ তদন্ত জোরদার করতে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় ভবিষ্যতে আরও আধুনিক সরঞ্জাম সংগ্রহ করা হবে।

ছয়জন জিম্মির প্রসঙ্গে গৃহমন্ত্রী কন্থৌজাম জানান, এ বিষয়ে সরকার বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে অভিযানও শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande