
গুয়াহাটি, ২৫ মে (হি.স.) : অসম বিধানসভায় পেশ ‘অভিন্ন দেওয়ানি বিধি, অসম ২০২৬’ (ইউনিফর্ম সিভিল কোড, সংক্ষেপে ইউসিসি বিল। আজ সোমবার ষোড়শ বিধানসভার তৃতীয় দিনের অধিবেশনে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার হয়ে ‘ইউনিফর্ম সিভিল কোড, আসাম ২০২৬’ বিল পেশ করেছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী অতুল বরা।
এই বিলের বেজায় বিরোধিতা করেছেন বিরোধী দলের বিধায়করা। ইউসিসি-র বিরোধিতা করায় কয়েকজন শাসক দলের বিধায়ক বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন। বিজেপি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, কংগ্রেস কখনও সংবিধান মানে, কখনও মানে না। কংগ্রেসের সংবিধানকে সম্মান করা উচিত। ‘অভিন্ন দেওয়ানি বিধি’ প্রবর্তিত হলে ঐক্যবোধ গড়ে উঠবে। ইউসসি আনা মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত।
বিধায়ক মানব ডেকা বলেন, কংগ্রেস ইউসিসি-র বিরোধিতা করবেই, কারণ ‘মিঞা’দের সন্তুষ্ট করতে হবে তাঁদের। ভাবতে হবে না, কংগ্রেস তাদের বিরোধী দলনেতা হিসেবে একজন ‘মিঞা’কেই বসাবে।
বিধায়ক সুশান্ত বড়গোঁহাই বলেন, কংগ্রেস তো ইউসিসি-র বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কারণ তাদের ১৯ জন বিধায়কের মধ্যে ১৮ জনই সংখ্যালঘু সম্প্রদায়ের। তাঁরা তিন তালাক বা বহুবিবাহ চায় বলেই ইউসিসি-র বিরোধিতা করছে। কংগ্রেসের এই ভূমিকার জন্য মানুষ তাদের গ্রহণ করবে না। কিন্তু তারা জানে না, ইউসিসি-তে সবাই সমান সুবিধা পাবে।
বিধায়ক বিশ্বজিৎ ফুকন বলেন, এটা শুধুই বিরোধিতার জন্য বিরোধিতা। এই চরিত্রের কারণেই কংগ্রেস জনগণের কাছ থেকে দূরে সরে গেছে। এখন অন্তত শিক্ষা নেওয়া উচিত।
প্রসঙ্গত, অসম সরকার ইউনিফর্ম সিভিল কোড বিল উত্থাপন করায় উত্তরাখণ্ড এবং গুজরাটের পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে ইউসিসি বিল আনার পথে এগিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস