
মোহনপুর (ত্রিপুরা), ২৫ মে (হি.স.) : প্রবল ঝড় ও ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা ব্লকের অধীন কামবুক ছড়া টিটিএএডিসি ভিলেজ পরিদর্শনে যান সিমনা বিধানসভার বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ও পরিবারগুলির খোঁজখবর নেন এবং পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সান্তনু বিকাশ দাস, হেজামারা ব্লকের বিডিও, বিভিন্ন তহশিলের তহশিলদার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে তাঁরা সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড় ও বৃষ্টির তাণ্ডবে কামবুক ছড়া এলাকায় একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ঘরের চাল উড়ে গেছে, আবার কোথাও গাছ ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্যোগের ফলে অন্তত ১৫টি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা বলেন, “প্রবল ঝড়-বৃষ্টির কারণে এলাকার বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে সরকার রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত সহায়তা প্রদান করা হবে।”
তিনি আরও জানান, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ নিগমের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় মেরামতির কাজ শুরু হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে প্রশাসনের এই তৎপরতায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে। স্থানীয় বাসিন্দারাও দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ