অধ্যাপক বদলির প্রতিবাদে উত্তাল বিলোনিয়া কলেজ, গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ
বিলোনিয়া (ত্রিপুরা), ২৫ মে (হি.স.) : অধ্যাপক বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় চত্বর। কলেজের চারজন অধ্যাপককে অন্যত্র বদলি করার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে
ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ


বিলোনিয়া (ত্রিপুরা), ২৫ মে (হি.স.) : অধ্যাপক বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে উঠল দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় চত্বর। কলেজের চারজন অধ্যাপককে অন্যত্র বদলি করার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকেই আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় তাঁরা।

বিক্ষোভের জেরে কলেজের অধ্যক্ষ কলেজের ভেতরেই আটকা পড়ে যান। পাশাপাশি অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও কলেজের কর্মীরাও কলেজে প্রবেশ করতে পারেননি। দীর্ঘ সময় ধরে কলেজের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যায় ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, হঠাৎ করে একসঙ্গে চারজন অধ্যাপককে বদলি করায় কলেজের পঠনপাঠনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের শিক্ষক সংকট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করে পড়ুয়ারা।

বিক্ষোভকারীরা উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেয়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের বক্তব্য, শিক্ষাক্ষেত্রের বাস্তব পরিস্থিতি বিবেচনা না করেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁরা অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানায়।

এদিকে, টানা কয়েক ঘণ্টা ধরে চলা বিক্ষোভ কর্মসূচির মাঝে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। জানা গেছে, প্রচণ্ড গরম ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে অন্তত আট দশজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

ঘটনার প্রায় চার ঘণ্টা অতিক্রম হয়ে গেলেও প্রশাসনের কোনো উচ্চপদস্থ আধিকারিককে ঘটনাস্থলে দেখা যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। ফলে ক্ষোভ আরও বাড়তে থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। আন্দোলনরত পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande