
নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): লেবানন ও ইজরায়েল নয়; সমস্যাটা হলো হিজবুল্লাহ, এমনটাই বললেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। সোমবার নতুন দিল্লিতে লেবানন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে আলাদাভাবে কাজ করছি। লেবাননের সঙ্গে আমরা সম্পৃক্ত; আমাদের মধ্যে ৪৫ দিনের একটি যুদ্ধবিরতি রয়েছে। লেবানন সরকার এবং ইসরায়েলের মধ্যে এখন সাপ্তাহিক বৈঠক এবং চলমান দৈনিক আলোচনা চলছে। সমস্যাটা লেবানন ও ইজরায়েল নয়; সমস্যাটা হলো হিজবুল্লাহ। ঠিক গত রাতেই হিজবুল্লাহ লেবানন সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। আর এটা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি এখানে কাদের সঙ্গে কাজ করছেন। ইরানের এক প্রক্সি, শতভাগ ইরানের প্রক্সি। যতদিন সশস্ত্র হিজবুল্লাহর অস্তিত্ব থাকবে, লেবাননে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হবে, কারণ তারা লেবাননের জনগণকে নিপীড়ন করছে। তারা শুধু ইজরায়েলকেই আক্রমণ করছে না; তারা লেবাননের জনগণকে নিপীড়ন করছে, যারা হিজবুল্লাহর কারণে এক বিরাট মূল্য দিচ্ছে। কিন্তু আমরা লেবানন সরকার এবং ইজরায়েল সরকারের সঙ্গে সেই পথেই কাজ করছি এবং সেখানে আমরা বেশ ভালো অগ্রগতিও করেছি।
ইরান প্রসঙ্গে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট কোনও খারাপ চুক্তি করতে যাচ্ছেন না। পারমাণবিক ইরানের হুমকি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি আন্তরিক আর কেউ ছিলেন না। তাই আমি খুব আত্মবিশ্বাসী যে, আমাদের সকলেরই এ ব্যাপারে আত্মবিশ্বাসী হওয়া উচিত যে, আমরা হয় একটি ভালো চুক্তিতে পৌঁছাব, অথবা আমাদের অন্য কোনও উপায়ে এর মোকাবিলা করতে হবে। আমরা একটি ভালো চুক্তিই পছন্দ করব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ