
নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): মঙ্গলবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন। প্রবীণ কংগ্রেস নেতা সিবিএসই-র বোর্ড পরীক্ষার অন স্ক্রিন মার্কিং সিস্টেম (ওএসএম)-এর সমালোচনা করেছেন। তাঁর দাবি, কেন্দ্র এই প্রক্রিয়া চালু করে গোটা দেশে লক্ষ লক্ষ পড়ুয়ার একাডেমিক ভবিষ্যৎকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দিয়েছে।
তিনি সমাজ মাধ্যমে দাবি করেন, ওই প্রক্রিয়া অনিয়মে জর্জরিত। জয়রাম এ দিন পোস্ট করেন, কেন এই বিষয়ে আন্দাজ করা যায়নি? কেন সিবিএসই এবং মন্ত্রক এই ওএসএম সিস্টেম গ্রহণ করার আগে সাবধান হয়ে পরিকল্পনা করেনি? এই বিষয়ে জবাব দিতে মন্ত্রীর এত সময় লাগল কেন? কংগ্রেস নেতা আরও লেখেন— ভারতের পড়ুয়াদের ভবিষ্যত বিপন্ন করে তোলা শিক্ষামন্ত্রীকে এত দিন ধরে কেন দায়িত্ব পালন করতে দেওয়া হল, দেশবাসী প্রধানমন্ত্রীর কাছে এর জবাব চায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ