
আরামবাগ, ২৫ মে (হি.স.): বিজয় মিছিলকে ঘিরে উৎসবের আবহে কর্মী-সমর্থকদের সঙ্গে নাচে অংশ নিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। সোমবার গোঘাটের বামুনিয়া গ্রামে আয়োজিত বিজেপির বিজয় মিছিলে উপস্থিত ছিলেন তিনি। মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে কর্মী-সমর্থকরা নাচতে নাচতে মিছিল এগিয়ে নিয়ে যান। সেই সময় বিধায়ক প্রশান্ত দিগারও কর্মী-সমর্থকদের সঙ্গে তাল মিলিয়ে নাচে অংশ নেন। তাঁকে ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। মিছিলের রাস্তাজুড়ে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
বিজয় মিছিলে উপস্থিত নেতৃবৃন্দ দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেন। বিধায়কের নাচে অংশগ্রহণ কর্মী-সমর্থকদের উৎসাহ আরও বাড়িয়ে দেয় বলে উপস্থিতদের একাংশের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন হয় এবং কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি এই কর্মসূচিকে সফল করে তোলে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA