
মাস্কাট (ওমান), ৩১ মে (হি.স.) : হরমুজ প্রণালীর কাছে ওমানের জলসীমায় একটি সন্দেহজনক ভাসমান বস্তু, যা নৌ-মাইন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তা শনাক্ত হওয়ার পর সতর্কতা জারি করেছে ওমানের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। নাবিক, মৎস্যজীবী এবং বাণিজ্যিক জাহাজগুলিকে ওই এলাকা অতিক্রমের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী ওমানের জলসীমায় একটি সন্দেহজনক ভাসমান বস্তু দেখা গিয়েছে, যা নৌ-মাইন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সমুদ্রপথ ব্যবহারকারী সকলকে ওই বস্তুর কাছাকাছি না যাওয়ার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনও সন্দেহজনক বস্তু নজরে এলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে , শনিবার ওমান কর্তৃপক্ষ এই সতর্কতা জারি করে। সন্দেহজনক বস্তুটি হরমুজ প্রণালীর ইনশোর ট্রাফিক জোনের ঠিক পশ্চিম দিকে দেখা গিয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে প্রতিদিন বিপুল সংখ্যক তেলবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে। ফলে নিরাপত্তা সংক্রান্ত যে কোনও সম্ভাব্য ঝুঁকি আন্তর্জাতিক মহলেও উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।
ওমানের প্রতিরক্ষা মন্ত্রকও মেরিটাইম সিকিউরিটি সেন্টারের জারি করা নির্দেশিকা মেনে চলার জন্য সকল সমুদ্র ব্যবহারকারীকে আহ্বান জানিয়েছে। এখনও পর্যন্ত বস্তুটির প্রকৃতি সম্পর্কে চূড়ান্তভাবে কিছু জানানো হয়নি, তবে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য