শ্রম অনুমোদন ছাড়া আর বিদেশে কাজে যেতে পারবেন না নেপালি নাগরিকরা
কাঠমান্ডু, ৩১ মে (হি.স.) : শ্রম অনুমোদন (লেবার পারমিট) ছাড়া বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে নেপালি নাগরিকদের যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপালের অভিবাসন বিভাগ। বিভাগ স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র শ্রমিক ভিসা থাকলেই বিদেশে কাজের উদ্দেশ্যে দেশ ছা
শ্রম অনুমোদন ছাড়া আর বিদেশে কাজে যেতে পারবেন না নেপালি নাগরিকরা


কাঠমান্ডু, ৩১ মে (হি.স.) : শ্রম অনুমোদন (লেবার পারমিট) ছাড়া বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে নেপালি নাগরিকদের যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপালের অভিবাসন বিভাগ। বিভাগ স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র শ্রমিক ভিসা থাকলেই বিদেশে কাজের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি মিলবে না; বাধ্যতামূলকভাবে শ্রম অনুমোদনও থাকতে হবে।

অভিবাসন বিভাগের মতে, সম্প্রতি দেখা যাচ্ছে অনেক নেপালি নাগরিক শ্রমিক ভিসা পাওয়ার পরও শ্রম অনুমোদন সম্পূর্ণ না করেই বিদেশ যাত্রার জন্য ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন দফতরে পৌঁছে যাচ্ছেন। অনেকেই কেবল শ্রম অনুমোদনের জন্য আবেদন জমা দিয়েছেন, কিন্তু অনুমোদন পাওয়ার আগেই বিদেশে যাওয়ার চেষ্টা করছেন।

বিভাগ জানিয়েছে, এই কারণে সংশ্লিষ্ট শ্রমিকদের বিমানবন্দরে অপ্রয়োজনীয় হয়রানি ও সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই শ্রম অনুমোদন আনুষ্ঠানিকভাবে জারি হওয়ার পরেই বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিবাসন বিভাগের বক্তব্য, অনেক ক্ষেত্রে শ্রমিকরা মনে করেন তাঁদের শ্রম অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু বাস্তবে তাঁদের হয়ে অন্য কেউ শুধুমাত্র আবেদন জমা দিয়েছেন, অনুমোদন মেলেনি। অনেক শ্রমিকই এই বিষয়টি সম্পর্কে অবগত থাকেন না।

এই পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রার আগে সকল নেপালি নাগরিককে নিজেদের শ্রম অনুমোদনের বর্তমান অবস্থা যাচাই করার আহ্বান জানিয়েছে বিভাগ। আবেদন জমা পড়েছে কি না, তার পরিবর্তে অনুমোদনপত্র জারি হয়েছে কি না, তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে।

বিভাগ স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র শ্রম অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে কিন্তু অনুমোদন মেলেনি— এমন ক্ষেত্রে শ্রমিক ভিসাধারীদের বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হবে না। বৈধ শ্রম অনুমোদন ছাড়া অভিবাসন দফতর থেকে বিদেশ গমনের ছাড়পত্র মিলবে না বলেও জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande