
কাঠমান্ডু, ৩১ মে (হি.স.) : ভারত-নেপাল সীমান্তের লিপুলেখ-লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের বিতর্ক মেটাতে এবার ব্রিটেনের সঙ্গেও আলোচনা শুরু করেছে নেপাল। নেপাল সরকারের মতে, এই সীমান্ত সমস্যা ব্রিটিশ শাসনকাল এবং ব্রিটিশ ভারতের সঙ্গে সম্পর্কিত একটি ঐতিহাসিক বিষয়, তাই এর সমাধান প্রক্রিয়ায় ব্রিটেনেরও ভূমিকা ও দায়িত্ব রয়েছে।
রবিবার সংসদে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, লিপুলেখ-লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে সাম্প্রতিক ভারত-চিন সমঝোতা সম্পর্কে সরকার ইতিমধ্যেই ভারত ও চিন—উভয় দেশকেই কূটনৈতিক নোট পাঠিয়েছে। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে সেই নোটের জবাবও এসেছে।
প্রধানমন্ত্রী জানান, ভারত এই সীমান্ত সমস্যার সমাধানে দুই দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনার টেবিলে বসার প্রস্তাব দিয়েছে। নেপাল সরকার সেই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
বালেন্দ্র শাহ বলেন, শুধু ভারতের সঙ্গেই নয়, ব্রিটেনের সঙ্গেও এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে। কূটনৈতিক পথেই সীমান্ত বিরোধের সমাধান খুঁজে বের করার চেষ্টা চালাবে নেপাল।
উল্লেখ্য, লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চল দীর্ঘদিন ধরেই ভারত ও নেপালের মধ্যে বিতর্কের কেন্দ্রবিন্দু। নেপালের দাবি, এই অঞ্চলগুলি তাদের ঐতিহাসিক ভূখণ্ডের অংশ। অন্যদিকে ভারত দীর্ঘদিন ধরে ওই এলাকাগুলির প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সাম্প্রতিক বছরগুলিতে বিষয়টি দুই দেশের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য