উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়, ছাত্র সংঘর্ষে রক্তাক্ত ক্যাম্পাস
কলকাতা, ৫ মে (হি. স.) : বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগের আবহে এ বার উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। মঙ্গলবার বিকেলে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষে জখম হন একাধিক পড়
উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়, ছাত্র সংঘর্ষে রক্তাক্ত ক্যাম্পাস


কলকাতা, ৫ মে (হি. স.) : বিধানসভা ভোটের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার অভিযোগের আবহে এ বার উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে। মঙ্গলবার বিকেলে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষে জখম হন একাধিক পড়ুয়া। অভিযোগের তীর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বিরুদ্ধে, যদিও এই বিষয়ে তাদের তরফে তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনাকে কেন্দ্র করে এক বিবৃতিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় দাবি করেছেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের উপর আক্রমণ, পার্টি অফিস দখল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ‘সন্ত্রাসের পরিবেশ’ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, সেই ধারাবাহিকতায় এদিন বিকেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসেও ‘দখলদারির রাজনীতি’ কায়েমের চেষ্টা চলে।

এআইডিএসও-র দাবি, বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় এবং ‘গণতান্ত্রিক পরিবেশ নষ্ট’ করার চেষ্টা করা হয়। তার প্রতিবাদ করতেই তাদের কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সংশ্লিষ্ট ঘটনায় এক ছাত্রের মাথা ফেটে যায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আরও পাঁচ-ছয় জন গুরুতর জখম হয় বলেও দাবি জানিয়েছে সংগঠন।

ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে এআইডিএসও। এর পাশাপাশি রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও ‘সন্ত্রাস ও দখলদারির রাজনীতি’র বিরুদ্ধে বামপন্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে অশান্তি ও গোলমালের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে রাজনৈতিক সংঘাত নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande