অভিষেকের বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় বড় রদবদল, সরছে অত্যাধুনিক স্ক্যানার ও পুলিশি পাহারা
কলকাতা, ৬ মে ( হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা হলো। বুধবার দুপুরে তাঁর হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটের বাসভবন ‘শান্তিনিকেতন’ থেকে পুলিশের উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক স্ক্যানারট
অভিষেকের বাড়ির নিরাপত্তা ব্যবস্থায় বড় রদবদল, সরছে অত্যাধুনিক স্ক্যানার ও পুলিশি পাহারা


কলকাতা, ৬ মে ( হি. স.) : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনা হলো। বুধবার দুপুরে তাঁর হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটের বাসভবন ‘শান্তিনিকেতন’ থেকে পুলিশের উচ্চক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক স্ক্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। বিমানবন্দরের ধাঁচে তৈরি এই স্ক্যানারটি এদিন দড়ি দিয়ে বেঁধে বাড়ি থেকে নিচে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার রাত পর্যন্ত ১৮৮এ, হরিশ মুখোপাধ্যায় স্ট্রিটে পুলিশের কড়া নজরদারি ও ব্যারিকেড বসানো ছিল। কিন্তু বুধবার দুপুরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের পুলিশ বুথটি এখন জনশূন্য। এমনকি বুথ সংলগ্ন একটি বাতিস্তম্ভে ভারতীয় জনতা পার্টির পতাকা ঝুলতে দেখা গেছে। আগে যেখানে নিরাপত্তারক্ষীদের বসার জায়গা ছিল, এদিন সেই স্থানটিও ছিল একেবারে ফাঁকা। বর্তমানে শুধুমাত্র স্থানীয় থানার একজন পুলিশকর্মীকে এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে।

দীর্ঘদিন পর অতিরিক্ত নিরাপত্তা ও ব্যারিকেড সরে যাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দাদের একাংশ। এক প্রবীণ বাসিন্দা জানান, এতদিন বাড়ির সামনের ফুটপাথ দিয়ে সাধারণ মানুষের যাতায়াত কার্যত বন্ধ ছিল। রাস্তা বন্ধ করে দেওয়া ও পুলিশি কড়াকড়ির কারণে স্থানীয়দের মধ্যে যে ক্ষোভ জমেছিল, নিরাপত্তা সরতেই তা প্রকাশ্যে আসতে শুরু করেছে।

লালবাজারের নতুন নির্দেশিকা অনুযায়ী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কার্যালয় থেকে অতিরিক্ত নিরাপত্তা পাকাপাকিভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক সূত্র মারফত জানা গিয়েছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রোটোকল অনুযায়ী যতটুকু নিরাপত্তা পাওয়ার কথা, তা বজায় থাকবে। এর আগে মঙ্গলবারই ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গলি থেকে বিশেষ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande