
নয়াদিল্লি, ৫ মে (হি.স.) : গুজরাটের ওয়াদিনারে অত্যাধুনিক শিপ রিপেয়ার সুবিধা গড়ে তুলতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রকল্পে মোট ১ হাজার ৫৭০ কোটি টাকার বিনিয়োগ করা হবে।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ ) এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছে। দীনদয়াল পোর্ট অথরিটি (ডিপিএ ) ও কোচিন শিপইয়ার্ড লিমিটেড (সিএসএল ) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আওতায় ৬৫০ মিটার দীর্ঘ জেটি, দুটি বৃহৎ ফ্লোটিং ড্রাই ডক, ওয়ার্কশপ এবং অন্যান্য সামুদ্রিক অবকাঠামো গড়ে তোলা হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ড্রাই ডকের দৈর্ঘ্য হবে ৩০০ মিটার এবং প্রায় ১৪ মিটার গভীর প্রাকৃতিক ড্রাফট থাকবে, যার ফলে বড় আকারের জাহাজের মেরামত সম্ভব হবে। এই প্রকল্পের মাধ্যমে বছরে প্রায় ৩৪টি জাহাজ মেরামতের ক্ষমতা তৈরি হবে, যা ২৩০ মিটারের বেশি দৈর্ঘ্যের জাহাজের ঘাটতি পূরণে সহায়ক হবে।
প্রকল্পটি সরাসরি প্রায় ২৯০ এবং পরোক্ষভাবে প্রায় ১,১০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আশেপাশের অঞ্চলে এমএসএমই ও সামুদ্রিক সহায়ক শিল্পেরও উন্নয়ন ঘটবে।
সরকারের মতে, এই উদ্যোগ ‘মেরিটাইম ইন্ডিয়া ভিশন ২০৩০’ এবং ‘মেরিটাইম অমৃতকাল ভিশন ২০৪৭’-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং দেশের পশ্চিম উপকূলের বন্দরগুলির প্রতিযোগিতা ক্ষমতা বাড়াবে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে জানান, এই প্রকল্প দেশের সামুদ্রিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, এর মাধ্যমে বড় জাহাজের পরিষেবা দেওয়ার ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, সহায়ক শিল্পের বিকাশ এবং বন্দরের প্রতিযোগিতা শক্তি বাড়বে। পাশাপাশি এটি দেশের ‘ব্লু ইকোনমি’কে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য