
ইন্দোর, ৬ মে (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোর শহরের লাসুদিয়া থানার দেওয়াস নাকা এলাকায় বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৩টা ৪৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছনোর সময় একটি টায়ারের দোকান ও গ্যারাজে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। প্রায় ২০ হাজার লিটার জল ব্যবহার করে আগুন নেভানো হয়। আগুনের তীব্রতার কারণে দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকতে হয়, কারণ সেই সময় কোনও দোকানদার উপস্থিত ছিলেন না।
প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। দোকানের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় মহম্মদ আকবর, নরেন্দ্র ও জিতেন্দ্র গজরাজের দোকানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য