
শ্রীনগর, ৬ মে (হি.স.): শ্রীনগর-এর ডাল লেকে হাউসবোটে থাকার সময় এক মার্কিন পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের নাম জন ডেভিড অ্যান্ডারসন (৮৩)।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি তাঁর স্ত্রী জুডিথ অ্যান ম্যাকার্থির সঙ্গে কাশ্মীর ভ্রমণে এসেছিলেন। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাকে ঘিরে এলাকায় কোনও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি এবং প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য