
কলকাতা, ৬ মে (হি. স.) :** রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া বুধবার থেকে পুরোদমে শুরু হয়ে গেল। বুধবার লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তাঁর সঙ্গে কমিশনের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।
এদিন দুপুরে নির্বাচন কমিশনের জারি করা নতুন বিধানসভা গঠনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ী ২৯৪টি কেন্দ্রের প্রার্থীদের শংসাপত্র সম্বলিত নথিপত্রও জমা দেন মুখ্য নির্বাচনী আধিকারিক। লোকভবনের ঐতিহাসিক 'থ্রোন হল'-এ রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে কমিশনের আধিকারিকদের দীর্ঘক্ষণ আলাপচারিতা হয়। সাক্ষাৎ শেষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে একটি ফটো সেশনেও অংশ নেন তাঁরা। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যে নতুন সরকার গঠনের সাংবিধানিক পথ চূড়ান্তভাবে প্রশস্ত হলো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত