
ভোপাল, ৬ মে (হি.স.): মধ্যপ্রদেশে আবহাওয়ার বড় পরিবর্তন। একসঙ্গে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ায় বুধবার রাজ্যের প্রায় ২৮টি জেলায় জারি হয়েছে ঝড়-বৃষ্টি সতর্কতা। একাধিক এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে এদিন জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, গোয়ালিয়র, দাতিয়া, মোরেনা, , জব্বলপুর, কাটনি, ছিন্দওয়াড়া, সেওনি, নরসিংহপুর, বালাঘাট, মন্ডলা, ডিন্ডোরি, রেওয়া, সাতনা, সিধি, সিংরৌলি, শাহডোল, উমরিয়া, অনুপপুর, সাগর, দামোহ, ছাতারপুর, টিকমগড়-সহ একাধিক জেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার দিকে আবহাওয়ার এই পরিবর্তন বেশি করে চোখে পড়তে পারে।
অন্যদিকে, কিছু জেলায় দিনের বেলায় তাপপ্রবাহের প্রভাব বজায় থাকবে। ভোপাল, ইন্দোর, উজ্জয়িনী, ধার, খন্ডওয়া, খরগোন-সহ বেশ কয়েকটি এলাকায় তীব্র গরম অনুভূত হতে পারে।
মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব দেখা গিয়েছে। তাপমাত্রাও কিছুটা কমেছে। তবে খরগোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
আবহাওয়া দফতরের মতে, রাজ্যের উপর একটি একটি ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপের অক্ষরেখার প্রভাবে এই পরিবর্তন হচ্ছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। ১০ মে নাগাদ আরও একটি নতুন ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য