
নয়াদিল্লি/অমৃতসর, ৬ মে (হি.স.): পঞ্জাবে পরপর বিস্ফোরণের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই আবহেই রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন স্বাতী মালিওয়াল।
বুধবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, পঞ্জাবে একের পর এক বিস্ফোরণ ও গুলিচালনার ঘটনা রাজ্যের পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে। সম্প্রতি রেললাইনে বিস্ফোরণের পাশাপাশি সংবেদনশীল এলাকাতেও হামলার ঘটনা সামনে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, অমৃতসর-এ ফের বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, জলন্ধরে বিএসএফ সদর দফতরের বাইরে বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্যেই অমৃতসরের খাসা রোডে সেনা ছাউনি এলাকার কাছে কম তীব্রতার একটি বিস্ফোরণ ঘটে। ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর না মিললেও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।
অমৃতসর গ্রামীণ পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৫ মিনিট নাগাদ বিকট শব্দ শোনা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীমানা প্রাচীরের একটি টিনের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের প্রকৃতি এখনও খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-কে নিশানা করে মালিওয়াল অভিযোগ করেন, এমন পরিস্থিতির মধ্যেও সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বিধায়কদের নিয়ে দিল্লিতে ব্যস্ত থাকলেও রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে।
সমগ্র পরিস্থিতি ঘিরে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে এবং পঞ্জাবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য