
গুয়াহাটি, ৬ মে (হি.স.) : সদ্যসমাপ্ত অসম বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের হাতে পেশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) অনুরাগ গোয়েল। আনুষ্ঠানিকভাবে রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল হাতে পেয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
আজ বুধবার সকালে মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল তাঁর দফতরের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে লোক ভবনে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচিত বিধায়কদের সরকারি তালিকা জমা দেন। সাংবিধানিক এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন রাজ্যপাল সরকার গঠনের জন্য আলোচনা শুরু করতে চলেছেন।
১২৬ সদস্যের বিধানসভায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরেছে। বিজেপি ৮২টি, তাদের শরিক বা সহযোগী অসম গণ পরিষদ (অগপ) এবং বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) ১০টি করে আসন পেয়েছে।
বিরোধী শিবিরের ভারতীয় জাতীয় কংগ্রেস ১৯টি আসনে, তাদের সহযোগী রাইজর দল পেয়েছে দুটি আসন। অন্যান্য দলগুলির মধ্যে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট দুই এবং তৃণমূল কংগ্রেস একটি আসনে বিজয়ী হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস