
শিমলা, ৬ মে (হি.স.) : হিমাচল প্রদেশের শিমলায় বোমা বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে ভারারি এলাকায় হুমকিমূলক পোস্টার ঘিরে প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়। পোস্টারে রোহরু মহকুমা শাসকের (এসডিএম) দফতর ও আদালত চত্বরে বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে এই পোস্টার দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পোস্টারে লেখা ছিল, “বিস্ফোরণের শব্দ দিল্লি পর্যন্ত শোনা যাবে”, যা ঘটনাকে আরও উদ্বেগজনক করে তোলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।
শিমলার এসএসপি গৌরব সিং জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রোহরুর আদালত ও এসডিএম দফতর খালি করে দেওয়া হয়েছে। সমস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী। বোমা নিষ্ক্রিয়কারী দলও ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালাচ্ছে।
এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার না হলেও তল্লাশি ও তদন্ত চলছে। পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে হুমকির উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে।
এদিকে, রোহরু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাইবার সেল ও গোয়েন্দা সংস্থাগুলিও সক্রিয় হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আবেদন জানিয়েছে এবং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শিমলায় একাধিক বোমা হুমকির ঘটনা সামনে এসেছে। এর আগে শহরের কয়েকটি স্কুল, সচিবালয়, হাইকোর্ট ও জেলা আদালতকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য