
নয়াদিল্লি, ১১ জুন (হি.স.): রাজ্যসভার প্রার্থিপদ বাতিলের বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজন। যে পদ্ধতিতে মনোনয়ন বাতিল করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আবেদনে মীনাক্ষী অভিযোগ করেছেন, রিটার্নিং অফিসার বেআইনিভাবে, খেয়ালখুশিমতো এবং পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এতে ওই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়েছে। শীর্ষ আদালতে আবেদন দ্রুত শোনার আর্জি জানিয়েছেন মীনাক্ষী।
মধ্যপ্রদেশ থেকে মীনাক্ষীকে রাজ্যসভায় পাঠানোর পরিকল্পনা করেছিল কংগ্রেস। কিন্তু মামলার কথা গোপন করার অভিযোগে তাঁর মনোনয়নপত্রই বাতিল করে দেয় নির্বাচন কমিশন। মীনাক্ষী মামলা গোপন করার অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কংগ্রেসও মীনাক্ষীর বিরুদ্ধে এমন কোনও মামলা থাকার অভিযোগ খারিজ করে দিয়েছে। অন্যদিকে, বিজেপির তরফে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করা হয়েছিল, ২০২৫ সালের ২০ আগস্ট এ শ্রীলতা নামে এক মহিলা হায়দরাবাদের একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মীনাক্ষী নটরাজন-সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারা প্রয়োগ করা হয়েছিল, যার মধ্যে ছিল ধারা ৩৫৬, ৬১, ৪৫, ৪৬, ৩৫১(২), ৩(৫) এবং ৭৯।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ