
ইস্তানবুল, ১৪ জুন (হি.স.) : রাশিয়ার জ্বালানি ও শিল্প পরিকাঠামোয় নতুন করে হামলার দাবি করল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য, রাশিয়ার ইয়ারোস্লাভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ কেন্দ্র এবং তুলা অঞ্চলের আজোট রাসায়নিক কারখানাকে নিশানা করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। তাঁর দাবি, রাশিয়ার যুদ্ধ সক্ষমতা দুর্বল করতেই এই পদক্ষেপ।
সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জেলেনস্কি জানান, দীর্ঘপাল্লার সামরিক কৌশলের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাঁর দাবি, অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার সামরিক রসদ সরবরাহ কেন্দ্রগুলিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, হামলার পর রাশিয়ার ছয়টি বিমানবন্দরে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং দেশের ২৮টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।
জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধ বন্ধে ইউক্রেন একাধিক কূটনৈতিক প্রস্তাব দিলেও রাশিয়া সেগুলি প্রত্যাখ্যান করেছে এবং উল্টে সামরিক আগ্রাসন আরও বাড়িয়েছে।
তবে ইউক্রেনের এই হামলার দাবির বিষয়ে রাশিয়ার তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি। স্বাধীনভাবেও হামলার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য